
কাঙ্কের, ৩১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় মঙ্গলবার হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে ফিরে এলেন দুই মাওবাদী। পিপিসিএম শঙ্কর এবং পিএম হিদমা ডোডি নামে ওই দুই মাওবাদী একটি একে-৪৭ রাইফেল সহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী দুই মাওবাদীর মাথার ওপর ৮ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা ছিল। কাঙ্কেরের পুলিশ সুপার (এসপি) নিখিল রাখেচা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার এসপি নিখিল রাখেচা জানান, কাঙ্কের-দন্তেওয়াড়া অঞ্চলের জঙ্গলে এখনও প্রায় ১৫ জন মাওবাদী সক্রিয় রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে চন্দর এবং রূপী নামে দুই কুখ্যাত ক্যাডার বর্তমানে নিরাপত্তা বাহিনীর সার্চ অপারেশনের প্রধান লক্ষ্য। পুলিশের অনুমান, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাকি থাকা মাওবাদীরাও মূলস্রোতে ফিরে আসতে পারে।
রাখেচা আরও জানান, গত ৫ দিনে ৯ জন মাওবাদী সদস্য হিংসার পথ ত্যাগ করে মূলস্রোতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারা বজায় রেখেই ৩১ মার্চ আরও ২ জন আত্মসমর্পণ করলেন। পুনর্বাসনের জন্য এগিয়ে আসা মাওবাদী সদস্যদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এলাকায় সক্রিয় থাকা অন্যান্য ক্যাডারদের সঙ্গেও যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বস্তর রেঞ্জের আইজি সুন্দররাজ পট্টলিঙ্গম গত ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট ১১ জন মাওবাদী সদস্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “মাওবাদী ক্যাডারদের কাছে আত্মসমর্পণ এবং পুনর্বাসনের বিকল্প বেছে নেওয়ার জন্য এখন মাত্র কয়েক ঘণ্টা সময় অবশিষ্ট রয়েছে। তাঁরা এই সুযোগের সদ্ব্যবহার করে শান্তিপূর্ণ ও সম্মানজনক জীবন বেছে নিন। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে।”
হিন্দুস্থান সমাচার / সোনালি