
ভোপাল, ৩১ মার্চ (হি.স.) : নতুন অর্থবর্ষ ২০২৬–২৭ শুরু হতে না হতেই সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ পড়তে চলেছে। ১ এপ্রিল থেকে জাতীয় সড়কে (ন্যাশনাল হাইওয়ে) টোল ট্যাক্স ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। এর সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যে, যেখানে বিস্তৃত হাইওয়ে নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৪৪টি জাতীয় সড়ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৯,০০০ কিলোমিটারেরও বেশি। প্রতিদিন এই সড়কগুলিতে প্রায় ২০ থেকে ৩৫ লক্ষ যানবাহন চলাচল করে।
সরকারি হিসেব অনুযায়ী, টোল থেকে রাজ্যের বার্ষিক আয় দ্রুত বেড়েছে। ২০২০-২১ সালে যেখানে আয় ছিল প্রায় ২,১৭৮ কোটি টাকা, তা এখন বেড়ে প্রায় ৪,১৮৮ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ কোটি টাকা টোল আদায় হয়।
নতুন হারে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক যানবাহন সব ক্ষেত্রেই বেশি টোল দিতে হবে। বিশেষ করে ট্রাক ও ভারী যানবাহনের খরচ বাড়ায় পরিবহণ খাতে প্রভাব পড়বে, যার ফলে পণ্যের দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে। ফাস্ট্যাগ ব্যবহারকারীদের ক্ষেত্রেও খরচ বেড়েছে। বার্ষিক পাসের মূল্য প্রায় ৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ফলে সময় বাঁচে এবং যানজট কমে।
এনএইচএআই সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর মুদ্রাস্ফীতি, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ ব্যয় বিবেচনা করে টোলের হার সংশোধন করা হয়। উন্নত রাস্তা, দ্রুত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের জন্য এই বৃদ্ধি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভোপাল-ইন্দোর, জব্বলপুর-নাগপুর ও গোয়ালিয়র-আগ্রা রুটে এই বৃদ্ধির প্রভাব বেশি পড়বে বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য