
পাটনা/নালন্দা, ৩১ মার্চ (হি.স.): বিহারের নালন্দা জেলার মা শীতলা মন্দিরে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মঙ্গলবার সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তিনি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন। উপমুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। তিনি আশ্বাস দেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বতোভাবে সহায়তা করবে।
প্রসঙ্গত , মঙ্গলবার নালন্দার মাঘরা গ্রামের মা শীতলা মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ৮ জন মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতি মঙ্গলবারের মতো এদিনও বহু পুণ্যার্থী মন্দিরে ভিড় করেন। অতিরিক্ত ভিড়ের জেরে লাইনে হুড়োহুড়ি শুরু হলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা দফতর থেকে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে, মোট ৬ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য