সুরাটে বাড়িতে রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫ জন
সুরাট, ৩১ মার্চ (হি.স.): গুজরাটের সুরাটের লিম্বায়াত এলাকায় একটি বাড়িতে রাসায়নিক বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে শ
সুরাটে বাড়িতে রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৫ জন


সুরাট, ৩১ মার্চ (হি.স.): গুজরাটের সুরাটের লিম্বায়াত এলাকায় একটি বাড়িতে রাসায়নিক বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে শাড়ির কাজ চলত এবং সেখানে দাহ্য রাসায়নিক মজুত রাখা ছিল। হঠাৎ সেই রাসায়নিক বিস্ফোরণ ঘটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় ৫ জন গুরুতর দগ্ধ হন। তাঁদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের সুরাটের এসএমআইএমইআর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃতদের মধ্যে রয়েছেন শাহনাজ বেগম আব্দুল কালাম আনসারি (৬৫), হুসা বেগম আব্দুল কালাম আনসারি (১৮), শুভান রমজান আলী আনসারি (৪), শাবিনা রমজান আলী আনসারি (২৮) এবং পারভীন আব্দুল কালাম আনসারি (১৯)।

ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সুরাট পুরসভার মেয়র দক্ষেশ মাভানি জানান, দমকল ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande