
নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) : এএফসি অনূর্ধ্ব - ১৭ মহিলা এশিয়ান কাপ চীন ২০২৬ - এর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছল ভারতীয় অনূর্ধ্ব - ১৭ মহিলা ফুটবল দল। রাশিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের প্রীতি সিরিজ খেলতে শনিবার সোচির মাতসেস্তা ফুটবল সেন্টারে মাঠে নামছে ‘ইয়ং টাইগ্রেস’রা। বাকি দুই ম্যাচ ১৪ ও ১৭ এপ্রিল, তিনটিই ভারতীয় সময় দুপুর ২:৩০-এ শুরু হবে।
বেঙ্গালুরুতে প্রস্তুতি সেরে ৬ এপ্রিল রাশিয়ায় পৌঁছেছে দল। প্রায় তিন মাসের অনুশীলনের পর ফুটবলারদের অগ্রগতিতে সন্তুষ্ট প্রধান কোচ পামেলা কুন্তি। তাঁর কথায়, কম বয়স হলেও খেলোয়াড়দের শেখার আগ্রহ ও মানসিকতা অত্যন্ত ইতিবাচক, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
রাশিয়ার বিরুদ্ধে এই সিরিজকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কোচ। শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষ ও প্রতিকূল আবহাওয়ার মোকাবিলায় উচ্চচাপের ফুটবল খেলতে হবে বলেও সতর্কবার্তা তাঁর। উল্লেখ্য, গত মাসে মায়ানমারের বিরুদ্ধে দুই প্রীতি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত।
এএফসি কাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও লেবানন। কঠিন লড়াইয়ের আভাস থাকলেও লেবাননের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা দেখছেন খোদ কোচ, তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে অভিমত তাঁর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত