
সোচি, ১১ এপ্রিল (হি. স.) : প্রস্তুতি ম্যাচে রাশিয়ার কাছে বড় ব্যবধানে হার মানল ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। শনিবার সোচির মাতসেস্তা ফুটবল সেন্টারে প্রথম প্রীতি ম্যাচে ভারত ০-৪ গোলে পরাজিত হয় স্বাগতিকদের কাছে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৪ মিনিটে ভালেরিয়া মেন্যাইলোভা গোল করে রাশিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টি থেকে ডানা ডোব্রোভিৎস্কায়া (৫৭’) ও আলিসা ক্লিমোভা (৭২’) ব্যবধান বাড়ান। ম্যাচের একেবারে শেষ দিকে, ৮৮ মিনিটে অ্যাঞ্জেলিনা গুলিয়ায়েভা চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।
শুরুর দিকে ভারত আক্রমণাত্মক খেললেও গোলের মুখ খুলতে পারেনি। রেডিমা দেবী চিংখামায়ুমের দূরপাল্লার শট দুর্দান্ত সেভে রুখে দেন রাশিয়ার গোলরক্ষক দারিয়া ভোলোদিচেভা। মাঝমাঠে বোনফিলিয়া শুল্লাই, আলভা দেবী সেনজমরা লড়াই চালালেও শেষ পাসে ধার ছিল না।
দ্বিতীয়ার্ধে পরপর দুটি পেনাল্টি হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। পরিবর্ত হিসেবে নেমে অন্বিতা রঘুরামন একটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। রেডিমার শট ক্রসবারে লাগাও দুর্ভাগ্য বাড়ায়।
ইতালীয় কোচ পামেলা কুন্তির অধীনে এই প্রীতি ম্যাচগুলি আগামী মাসের এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের প্রস্তুতির অঙ্গ। আগামী ১৪ ও ১৭ এপ্রিল ফের মুখোমুখি হবে দুই দল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত