
নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার সংসদের তিন দিনব্যাপী বিশেষ অধিবেশনের প্রথম দিনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ রাজ্যসভার নবনির্বাচিত অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। এদিন রাজ্যসভার প্রাক্তন সদস্য মহসিনা কিদওয়াই এবং গায়িকা আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তারপরে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত রাজ্যসভা মুলতবি করা হয়।
নিতিন নবীন বলেন, আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে আমি দেশ সেবার এক নতুন অধ্যায় শুরু করছি। এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমি প্রতিজ্ঞা করছি, 'বিকশিত ভারত'-এর লক্ষ্য অর্জন এবং জনগণের আকাঙ্খা পূরণের জন্য সম্পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাব এবং একই সঙ্গে সংসদে বিহারের হয়েও বক্তব্য তুলে ধরব।
রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন এদিন শপথবাক্য পাঠ করান তেরশ গোয়ালা (বিজেপি, অসম), যোগেন মোহন (বিজেপি, অসম), সুজিত কুমার (বিজেপি, ওড়িশা), ডঃ অভিষেক মনু সিংভি (কংগ্রেস, তেলেঙ্গানা), ভেম নরেন্দ্র রেড্ডি (কংগ্রেস, তেলেঙ্গানা), বিনোদ কুমার শর্মা (বিজেপি, মহারাষ্ট্র), বিনোদ কুমার তাওড়ে (বিজেপি, মহারাষ্ট্র), অনুরাগ শর্মা (কংগ্রেস, হিমাচল প্রদেশ), সঞ্জয় ভাটিয়া (বিজেপি, হরিয়ানা), প্রমোদ বোরো (ইউপিপি (এল) অসম), করমভীর সিং বৌদ্ধ (কংগ্রেস, হরিয়ানা), ফুলো দেবী নেতাম (কংগ্রেস, ছত্তিশগড়), লক্ষ্মী বর্মা (বিজেপি, ছত্তিশগড়), শিবেশ কুমার (বিজেপি, বিহার), রামনাথ ঠাকুর (জেডি(ইউ), বিহার), এবং উপেন্দ্র কুশওয়াহা (আরএলএম, বিহার)। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সকল নবনির্বাচিত সদস্যকে অভিনন্দন জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ