
পশ্চিম সিংভূম, ১৬ এপ্রিল ( হি. স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা থানা এলাকার ঘন জঙ্গলে বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযানের সময় মাওবাদীদের পেতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় কোবরা ব্যাটালিয়ন-২১০-এর জওয়ান অভিনব কুমার মিত্তল জখম হন।
নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের মতে, মাওবাদীরা এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে ক্রমাগত আইইডি পুঁতে রাখছে এবং জঙ্গলে লুকিয়ে হামলা চালাচ্ছে। তা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছে এবং এলাকাটিকে মাওবাদী মুক্ত করতে সম্ভাব্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। আহত জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পর হেলিকপ্টারে করে রাঁচিতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ছোটনাগরা থানা এলাকার বালিবা ও পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার থেকেই নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোবরা বাহিনী , ঝাড়খণ্ড পুলিশ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর যৌথ দল বড়সড় তল্লাশি অভিযান শুরু করে। বুধবারের সংঘর্ষের সময়ও মাওবাদীরা আইইডি বিস্ফোরণ এবং গুলিবর্ষণ করে জওয়ানদের লক্ষ্য করে।
হিন্দুস্থান সমাচার / সোনালি