
নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): সংবিধানের ১৪২ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, ২১ এপ্রিল ও ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এই সময়ের মধ্যে যাঁরা ছাড়পত্র পাবেন না, তাঁরা ভোট দিতে পারবেন না এ বার। ট্রাইব্যুনালে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পাওয়া ভোটাররা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন।
রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে নাম তোলার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল। ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই বিবেচনাধীন ভোটারেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা ভোট দিতে পারবেন না। ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয় কমিশন। এ বার সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করল। শীর্ষ আদালত জানিয়ে দিল, ভোটদানের দু’দিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরাও ভোট দিতে পারবেন। তবে সেখানে শুধু আবেদন করলেই চলবে না, বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি হতে হবে ট্রাইবুনালে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ