
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -এর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ (পিএমজিএসওয়াই-৩) প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে।
এই প্রকল্পের আওতায় গ্রামীণ কৃষি বাজার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাসপাতালের সঙ্গে সংযোগকারী সড়কগুলির উন্নয়ন ও মজবুতিকরণ করা হবে। প্রকল্পের সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৮৩,৯৭৭ কোটি টাকা।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সমতল এলাকায় সড়ক ও সেতু নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে সড়ক নির্মাণ ২০২৮ সালের মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। আর পাহাড়ি এলাকায় সেতু নির্মাণের কাজ শেষ হবে ২০২৯ সালের মার্চে। এছাড়া, ৩১ মার্চ ২০২৫-এর আগে অনুমোদিত হলেও এখনও টেন্ডার বা বরাদ্দ হয়নি এমন প্রকল্পগুলিও এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এর পাশাপাশি, আগে অনুমোদিত সড়কের রুটে থাকা দীর্ঘ দূরত্বের ১৬১টি সেতু নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ৯৬১ কোটি টাকা।
সরকারের মতে, এই প্রকল্পের সময়সীমা বাড়ানো হলে গ্রামীণ সড়ক উন্নয়নের লক্ষ্য পূরণ হবে। এর ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, কৃষি ও অন্যান্য পণ্যের বাজারে পৌঁছ সহজ হবে, পরিবহণ খরচ ও সময় কমবে এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় মানুষের প্রবেশাধিকার আরও বাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য