(লিড) মেট্রো ফেজ-৪ কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী, নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার মেট্রো ফেজ-৪ প্রকল্পের অন্তর্গত আরকে আশ্রম মার্গ মেট্রো স্টেশনের নির্মাণকাজে আচমকা পরিদর্শন করেন। পাশাপাশি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর চলমান কাজের অগ্রগতি নিয়েও বিস
(লিড) মেট্রো ফেজ-৪ কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী, নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ


নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শনিবার মেট্রো ফেজ-৪ প্রকল্পের অন্তর্গত আরকে আশ্রম মার্গ মেট্রো স্টেশনের নির্মাণকাজে আচমকা পরিদর্শন করেন। পাশাপাশি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর চলমান কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী প্রকল্পের গুণমান, নিরাপত্তা ব্যবস্থা ও নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার উপর বিশেষ জোর দেন। তিনি জানান, আরকে আশ্রম মার্গ স্টেশনকে একটি গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ব্লু লাইন ও ম্যাজেন্টা লাইনের সংযোগ স্থাপন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ফেজ-৪ করিডরের আওতায় জনকপুরি ওয়েস্ট থেকে কৃষ্ণা পার্ক এক্সটেনশন এবং দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত অংশ ইতিমধ্যেই চালু হয়েছে। বাকি অংশগুলির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই করিডর চালু হলে পশ্চিম, উত্তর ও মধ্য দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় যাতায়াত আরও সহজ হবে, ট্রাফিকের চাপ কমবে এবং দূষণও হ্রাস পাবে।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ টুইন টানেল এবং ডেরাওয়াল নগর, ঘণ্টাঘর, সদর বাজার, নবি করিমসহ একাধিক আন্ডারগ্রাউন্ড স্টেশনের নির্মাণ চলছে, যা অত্যন্ত জটিল প্রকৌশলগত চ্যালেঞ্জের মধ্যেও সফলভাবে এগোচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা মান বজায় রেখে নির্মাণকাজ করা হচ্ছে, যাতে উপরিভাগের যান চলাচলে কোনও বাধা সৃষ্টি না হয়। ভবিষ্যতে ম্যাজেন্টা লাইনকে আরকে আশ্রম মার্গ থেকে ইন্দ্রলোক পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে, যা শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি স্পষ্ট নির্দেশ দেন, কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। পরিদর্শনের পর ডিএমআরসি আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রকল্প দ্রুত সম্পূর্ণ করার দিকেও জোর দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande