
নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): ভারত থেকে পবিত্র হজ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। দিল্লি ও শ্রীনগর—এই দুই কেন্দ্র থেকে প্রথম দফায় মোট ৮০২ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।
দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর টার্মিনাল-৩ থেকে সকালে ৩৭১ জন হজযাত্রী সৌদি এয়ারলাইন্সের উড়ানে মদিনার উদ্দেশে যাত্রা করেন। তাঁদের বিদায় জানান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ড. শ্রীবৎস কৃষ্ণ এবং দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন কৌসর জাহান। বিমানবন্দরে প্রথম হজ উড়ান উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
এই দফায় যাত্রা করা ৩৭১ জনের মধ্যে ১৭৭ জন মহিলা এবং ১৯৪ জন পুরুষ। একই দিনে বিকেলে দ্বিতীয় উড়ানে আরও ৪১০ জন হজযাত্রী রওনা দেন। আগামী ২০ মে পর্যন্ত দিল্লি থেকে মোট ৫৪টি উড়ানে ২১,১০০-এর বেশি হজযাত্রী মদিনা ও জেড্ডা হয়ে মক্কায় পৌঁছবেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩১টি উড়ানে ১২,২৪০ জন এবং দ্বিতীয় পর্যায়ে ২৩টি উড়ানে ৮,৮৬০ জন যাত্রী যাত্রা করবেন।
এবার প্রথমবারের মতো চালু হয়েছে স্বল্পমেয়াদি (২০ দিনের) হজ যাত্রা। ১৯ ও ২০ মে মোট ৫টি উড়ানে প্রায় ২০০০ যাত্রী এই সুবিধা পাবেন।
অন্যদিকে, শ্রীনগর থেকেও হজযাত্রার সূচনা হয়েছে। প্রথম দিনে ৪৩১ জন যাত্রী তিনটি উড়ানে মদিনার উদ্দেশে রওনা দেন। তাঁদের মধ্যে ২৩০ জন পুরুষ এবং ২০১ জন মহিলা। যাত্রীদের জন্য পরিবহন, ব্যাগ-পত্র , মেডিক্যাল স্ক্রিনিং ও নথিপত্র যাচাইয়ের সব ব্যবস্থা আগেই সম্পন্ন করা হয়েছিল বলে জানানো হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, হজযাত্রীরা বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং তাঁদের জন্য সবরকম সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য