
চেন্নাই, ১৮ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল জোরকদমে প্রচারে নেমেছে। এই প্রেক্ষিতেই শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী পোনেরিতে এক জনসভায় বক্তব্য রাখেন।
জনসভায় তিনি তামিলনাড়ুর সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরে বলেন, তিনি এই রাজ্যে জন্মগ্রহণ না করলেও এই ভূমির সঙ্গে তাঁর গভীর যোগ রয়েছে এবং এটি তাঁর হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, নারী সংরক্ষণের আড়ালে কেন্দ্র তামিলনাড়ুর প্রতিনিধিত্ব কমানোর চেষ্টা করেছে। যদিও বিরোধীরা একজোট হয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ করেছে বলেও দাবি করেন তিনি।
রাহুল গান্ধী এদিন রাজ্যের মানুষকে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।
এর আগে তিনি দিল্লি থেকে চেন্নাই বিমানবন্দরে পৌঁছন, যেখানে কংগ্রেস নেতারা তাঁকে স্বাগত জানান। পরে হেলিকপ্টারে করে পোনেরিতে পৌঁছে জনসভায় যোগ দেন। প্রায় ২০ হাজার মানুষের জন্য তৈরি করা হয়েছিল বিশাল সভামঞ্চ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য