
বিরুধুনগর, ১৯ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাটুনারপত্তিতে রবিবার দুপুরে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শ্রমিকরা কাজ করার সময় আচমকাই কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কারখানার চারটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এক বিবৃতিতে তিনি বলেন, এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মন্ত্রী রামচন্দ্রন এবং থাঙ্গাম তেনারাসুকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন| জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি|
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য