
নয়াদিল্লি/বিরুধুনগর, ১৯ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাট্টুনারপট্টিতে রবিবার দুপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, এই ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শ্রমিকরা কাজ করার সময় আচমকাই কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে কারখানার চারটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে এখনও উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য