
পালি, ২ এপ্রিল (হি.স.): রাজস্থানের পালি জেলায় গহনার লোভে এক ৬৫ বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মারওয়ার জংশন থানা এলাকায় করাদি গ্রামে বুধবার রাতে ওই মহিলার দেহ উদ্ধার হয়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পিয়ারি দেবী। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন মিলেছে এবং দুই পা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। দেহে থাকা সোনার ও রুপোর গয়নাও নিখোঁজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটের উদ্দেশ্যেই এই খুন। গলায় আঘাত করে হত্যার পর পায়ে থাকা রুপোর কড়া খুলতে না পেরে দুষ্কৃতীরা পা কেটে গয়না লুট করে পালায়।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে তদন্তের নির্দেশ দেন। জানা গিয়েছে, বুধবার দুপুরে মাঠে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। রাতে খোঁজাখুঁজির পর একটি শুকনো পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার আগে তিনি ফোনে মেয়েকে জানিয়েছিলেন, মাঠে দুই অচেনা যুবককে ঘোরাফেরা করতে দেখেছেন। পুলিশ সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য