
দুর্গাপুর, ২ এপ্রিল (হি.স.): ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের বুদবুদ থানার দেবশালা-কাকোড়া গ্রাম এলাকায় বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে গ্রামবাসীরা দেবশালা–ত্রিলোকচন্দ্রপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।বিক্ষোভকারীদের অভিযোগ, দেবশালা পঞ্চায়েতের একাধিক বুথে বহু ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ওঠেনি। তাঁদের দাবি, ১১৭ নম্বর বুথে ৮১ জন, ১২১ নম্বর বুথে ২৭৬ জন, ১২২ নম্বর বুথে ১৩৮ জন এবং ১২৩ নম্বর বুথে ২১০ জনের নাম বাদ পড়েছে। অনেকের নাম ২০০২ সাল থেকেই ভোটার তালিকায় থাকা সত্ত্বেও তা পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা।অবরোধের জেরে দেবশালা–ত্রিলোকচন্দ্রপুর সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা