
কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : মালদার কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় কড়া ব্যবস্থা নিতে চায় ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, সিইও এবং সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি ভিডিয়ো কনফারেন্সে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পরিস্কার জানিয়েছেন, মালদার ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ‘অ্যাকশন’ নেওয়া হবে।
এদিনের বৈঠকে মালদার জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপারকে (এসপি) সরাসরি বিঁধেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, তিনি প্রশ্ন তোলেন, “দুপুরের পর থেকে কয়েক ঘণ্টা ধরে একটা এলাকায় অশান্তি চলল, অথচ সেখানে কোনও সিনিয়র আধিকারিক ছিলেন না কেন? এটা কী করে সম্ভব?”
মালদার এসপি-কে কার্যত ধমক দিয়ে জ্ঞানেশ কুমার জানতে চান, কেন এত দায়সারা মনোভাব দেখানো হয়েছে। এমনকি রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার উদ্দেশেও তাঁর প্রশ্ন ছিল, আগে থেকে কেন কোনও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত