
রায়পুর, ২ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আগামী ২-৩ দিনের জন্য বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের কিছু অংশে হালকা বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বস্তারের টোকাপাল, ভানপুরী এবং জগদলপুরের মতো এলাকায় বৃষ্টিপাত হয়েছে। রাজনন্দগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে অম্বিকাপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জানা গেছে, আবহাওয়া দফতর ছত্তিশগড়ে দক্ষিণাঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে। বিশেষত বস্তার বিভাগের বিজাপুর, নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং দান্তেওয়াড়ার কিছু এলাকায় শিলা বৃষ্টি সহ ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে। রায়পুর, দুর্গ, বিলাসপুর এবং সুরগুজা বিভাগের জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বাতাস, বজ্রবিদ্যুৎ–সহ ঝড় এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সুরজপুর, কোরিয়া, পেন্ড্রা, কোরবা, মুঙ্গেলি, বিলাসপুর, বালোদ, রাজনন্দগাঁও এবং বেমেতারা জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এই এলাকাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ–সহ ঝড়, বিদ্যুৎ চমক এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন