টিটিএএডিসি নির্বাচন : মধ্যপ্রদেশ থেকে আগরতলায় পৌঁছল ৩৫০০ ইভিএম
আগরতলা, ২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে ৩৫০০টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আগরতলায় এসে পৌঁছেছে। রাজ্য নির্বাচন দফতরের সচি
আগরতলায় পৌঁছল ইভিএম


আগরতলা, ২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে ৩৫০০টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আগরতলায় এসে পৌঁছেছে। রাজ্য নির্বাচন দফতরের সচিব অনুরাগ সেন এদিন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, টিটিএএডিসি-র সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই বিপুল সংখ্যক ইভিএম আনা হয়েছে। এদিন রাজধানী আগরতলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে ইভিএমগুলি পৌঁছালে সেগুলি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রাজ্য নির্বাচন দফতরের সচিব। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের আটটি জেলার নির্বাচনী আধিকারিকরা এবং নিরাপত্তা কর্মীরা।

নির্বাচন দফতর সূত্রে খবর, বৃহস্পতিবারই ইভিএমগুলি রাজ্যের বিভিন্ন জেলা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের তত্ত্বাবধানে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীরা এই মেশিনগুলি নিজ নিজ জেলায় নিয়ে যাবেন। প্রতিটি জেলায় নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল টিটিএএডিসির ২৮টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১,২৫৭টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হবে। এই নির্বাচনে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৯ লক্ষাধিক বলে নির্বাচন দফতর সূত্রে জানা গেছে।

এদিকে, নির্বাচনকে ঘিরে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে ইতিমধ্যেই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। আগামী ১৭ এপ্রিল ভোট গণনা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande