
আরামবাগ, ২ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে প্রচারে গতি বাড়াচ্ছে বামফ্রন্ট। বৃহস্পতিবার বালি হাটতলা এলাকায় হাটে হাটে ঘুরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী মুক্তারাম ধাউড়ে।
এদিন তিনি স্থানীয় হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের কাছে নিজের রাজনৈতিক অবস্থান ও বার্তা তুলে ধরেন। সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করেই প্রচার এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন তিনি।
মুক্তারাম ধাউড়ে বলেন, কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত মানুষের পাশে বামপন্থীরাই সবসময় থেকেছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বিকল্প শক্তি হিসেবে বামফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও দাবি করেন তিনি।
জনসংযোগের সময় স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রার্থীর কাছে। এই কর্মসূচির মাধ্যমে গোঘাট কেন্দ্রে বামফ্রন্টের প্রচারে নতুন গতি এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA