
আজমের, ২ এপ্রিল (হি.স.) : রাজস্থানে একটি রাসায়নিক পদার্থ ভর্তি ট্যাঙ্কারের টায়ার ফেটে আগুন ধরে যায়। বৃহস্পতিবার জেলার মাংলিয়াবাস এলাকায় ঘটনাটি ঘটেছে। টায়ার থেকে রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে যায়। এর জেরে ঘটনাস্থলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বেওয়ার থেকে আজমেরগামী একটি রাসায়নিক পদার্থ ভর্তি ট্যাঙ্কারের টায়ার ফেটে আগুন ধরে যায়। কাছাকাছি থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় । এরপর পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পাঁচটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্যাঙ্কারের চালক ও সহকারী দ্রুত রাস্তার পাশে গাড়িটি থামিয়ে বেরিয়ে আসেন, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারটি গুজরাট থেকে আসছিল। আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন