
কলকাতা, ২ এপ্রিল (হি.স.): মালদায় গতকালের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এনআইএ ও সিবিআই তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা ও ভবানীপুর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকালের ঘটনার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। দোষীরা পাকড়াও হলে সাধারণ মানুষ আর আইন নিজের হাতে তুলে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বাংলায় পরিবর্তন নিশ্চিত। ভবানীপুর কেন্দ্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, অমিত শাহের জনসভা অত্যন্ত সফল হয়েছে এবং সেখানে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করছে যে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি হওয়া উচিত বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়