
আসানসোল, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার প্রস্তুতি হিসেবে পশ্চিম বর্ধমান জেলায় মনোনয়ন পত্র দাখিল চলছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর পুণ্য তিথিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেন। এই তালিকায় আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মলয় ঘটকও নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী আধিকারিকের কাছে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পেশের এই বিশেষ মুহূর্তে মলয় ঘটকের সমর্থনে আসানসোলে উপস্থিত হন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)। তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ এসবি গরাই রোডের রামসায়র ময়দানের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন। সেখানে পুষ্পস্তবক দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মলয় ঘটক।
এরপর দেব এবং মলয় ঘটক একটি হুডখোলা গাড়িতে চড়ে রোড-শো শুরু করেন। রামসায়র ময়দান থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিলটি আসানসোল গ্রাম এলাকা হয়ে এসবি গরাই রোড ধরে আদালত চত্বরের কাছে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। প্রিয় তারকা দেবকে একঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
এই প্রসঙ্গে মলয় ঘটক জানান, অত্যন্ত সুচিন্তিতভাবে এই শুভ দিনটিকে তিনি মনোনয়নের জন্য বেছে নিয়েছেন। গত ১৫ বছরে পশ্চিম বর্ধমান তথা আসানসোলে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, জেলায় জেলা আদালত, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সুপার স্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবাগুলোই উন্নয়নের প্রকৃত প্রমাণ। মনোনয়নপত্র জমা দেওয়া এবং এই বিশাল রোড-শোকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
হিন্দুস্থান সমাচার / সোনালি