ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ : অনুপ্রবেশ ইস্যুতে গৃহীত পদক্ষেপ জানাতে ৩ মাস সময় রাজ্য সরকারকে
আগরতলা, ২ এপ্রিল (হি.স.) : অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ জানতে চেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দে
ত্রিপুরা হাইকোর্ট


আগরতলা, ২ এপ্রিল (হি.স.) : অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ জানতে চেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে আদালতে পেশ করতে হবে।

জানা গেছে, প্রায় এক বছর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যকে অবৈধ অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। অন্যান্য রাজ্য সেই অনুযায়ী পদক্ষেপ নিলেও ত্রিপুরায় এ বিষয়ে স্পষ্ট কোনও পদক্ষেপের তথ্য প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ ওঠে।

এই প্রেক্ষাপটে তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে একাধিকবার মেমোরেন্ডাম জমা দিয়ে জানতে চান কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগ, তিনি কোনও সন্তোষজনক উত্তর পাননি। এরপর ক্ষুব্ধ হয়ে রঞ্জিত দেববর্মা সহ সাজরা দেববর্মা ও অমরজিৎ দেববর্মা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি এমএস রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী অ্যান্টনি দেববর্মা সহ অন্যান্য আইনজীবীরা সওয়াল-জবাবে অংশ নেন। দীর্ঘ শুনানির পর আদালত নির্দেশ দেয়, বিধায়কের দাখিল করা মেমোরেন্ডামের ভিত্তিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা তিন মাসের মধ্যে বিস্তারিতভাবে জানাতে হবে। এদিন আবেদনকারীদের পক্ষের আইনজীবী অ্যান্টনি দেববর্মা সাংবাদিকদের এই তথ্য জানান।

আদালতের এই নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, অনুপ্রবেশের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সিভিল সোসাইটি ও বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছে, কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও জানান, আগামী তিন মাস রাজ্য সরকারের উত্তরের জন্য অপেক্ষা করা হবে। তবে যদি সন্তোষজনক জবাব না পাওয়া যায়, তাহলে বিষয়টি নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বিবেচনা করবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande