
কলকাতা, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই মনোনয়ন পর্ব সম্পন্ন হয়। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে হাজরা মোড় থেকে যে বর্ণাঢ্য রোড-শো শুরু হয়েছিল, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই শাসকদলের কর্মীদের হাতে বিজেপি সমর্থকরা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার আগে আয়োজিত এই রোড-শো যখন কালীঘাট এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছাকাছি পৌঁছায়, তখন বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে তীব্র বচসা ও স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়। অভিযোগ, সেই সময় তৃণমূলের পতাকা হাতে একদল কর্মী আচমকাই বিজেপির মিছিলে ঢুকে পড়ে এবং সমর্থকদের মারধর শুরু করে। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেও পুলিশের এই গাফিলতি ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।
সূত্রের খবর, সার্ভে ভবনের কাছেও দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি অনুযায়ী, তৃণমূল সমর্থকদের হামলায় তাদের এক কর্মীর চোখে গুরুতর আঘাত লেগেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং নিরাপত্তার কারণে একটি নির্দিষ্ট স্থানে অমিত শাহ নিজের গাড়ি পরিবর্তন করে সার্ভে ভবন পর্যন্ত পৌঁছান। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি কর্মসূচি বজায় ছিল।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ ভবানীপুর কেন্দ্রে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি ভোটারদের কাছে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন, রাজ্যজুড়ে পরিবর্তনের বার্তা দেওয়ার জন্য এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি ঘোষণা করেন যে, নির্বাচনের সময় তিনি প্রায় ১৫ দিন পশ্চিমবঙ্গে থেকে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন। উল্লেখ্য, ভবানীপুর আসনটি স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্র হওয়ায় এবারের নির্বাচনে এখানে শুভেন্দু বনাম মমতার লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি