
লকাতা, ২৩ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে প্রাথমিক হার বেশ উৎসাহব্যঞ্জক। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টায় রাজ্যে গড়ে প্রায় ১৮ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন ও সরকারি সূত্রে জানানো হয়েছে। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের তুলনায় ভোটদানের হার কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ ২০.৫১ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, মালদা জেলায় ভোটদানের হার তুলনামূলকভাবে কম, সেখানে প্রথম দুই ঘণ্টায় ১৬.৯৬ শতাংশ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সরকারি পর্যায়ে যে প্রাথমিক ভোটদানের গড় হিসেব মিলেছে তদানুযায়ী, ঝাড়গ্রাম জেলায় ভোট পড়েছে ১৯.৮৪ শতাংশ। এছাড়া কালিম্পং জেলায় ১৮.৭৪ শতাংশ, মুর্শিদাবাদ জেলায় ১৮.৮৮ শতাংশ এবং পশ্চিম বর্ধমান জেলায় ১৯.০০ শতাংশ ভোটদানের হার নথিভুক্ত করা হয়েছে। একইভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ১৮.৮১ শতাংশ এবং পুরুলিয়া জেলায় ১৭.৮৩ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
এদিন সকাল থেকেই বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর থাকলেও মোটের ওপর প্রথম দুই ঘণ্টার ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত