
ভাঙড়, ২৫ এপ্রিল (হি. স.): ভাঙড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর সভার আগে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝেরআইট এলাকায় এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত রয়েছে বলে অভিযোগ ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং শুরু হয় তল্লাশি অভিযান।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। আইএসএফ-এর অভিযোগ, এলাকার এক পঞ্চায়েত সদস্যের নির্দেশেই ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছে। তাদের দাবি, শুধু ওই পরিত্যক্ত বাড়ি নয়, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তদন্ত চালানো হোক এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পালটা দাবি, আইএসএফই পরিকল্পনা করে ওই পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের মতে, নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝেই আইএসএফ এলাকায় অশান্তি ও আতঙ্ক ছড়াতে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা