আক্রা-সন্তোষপুরের বস্তিতে আগুন, বজবজ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত
দক্ষিণ ২৪ পরগনা, ২৫ এপ্রিল (হি.স.): আক্রা-সন্তোষপুরের ষোলো বিঘা বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ৫০-৬০টি ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। অগ্নিকাণ্ড প্রভাব ফেলেছে রেল চলাচলেও। পুড়ে গিয়েছে ওভারহেড তার। আপাতত বজবজ-শিয়ালদা ডিভিশনে বন্ধ ট্রেন চল
আক্রা-সন্তোষপুরের বস্তিতে আগুন, বজবজ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত


দক্ষিণ ২৪ পরগনা, ২৫ এপ্রিল (হি.স.): আক্রা-সন্তোষপুরের ষোলো বিঘা বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ৫০-৬০টি ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। অগ্নিকাণ্ড প্রভাব ফেলেছে রেল চলাচলেও। পুড়ে গিয়েছে ওভারহেড তার। আপাতত বজবজ-শিয়ালদা ডিভিশনে বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে, শনিবার দুপুরে ষোলো বিঘা বসতিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে প্রায় গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রাস করে ৫০-৬০টি ঝুপড়ি। তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বস্তিতে দাহ্য বস্তু থাকায় দ্রুত গতিতে ছড়ায় আগুন। বজবজ-শিয়ালদা লাইনের ধারেই রয়েছে এই বস্তি। তাই মুহূর্তের মধ্যে আগুন রেললাইনের দিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ওভারহেড তার। এর ফলে ওই লাইনে লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande