
মুর্শিদাবাদ, ২৩ এপ্রিল (হি. স.) : নির্বাচনের মাঝেই মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে উত্তেজনা ছড়াল রায়পুর এলাকার ২১৭ নম্বর বুথকে ঘিরে। অভিযোগ, কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সিপিআইএম সমর্থক ও সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বুথের আশপাশ থেকে সরিয়ে দেয়। এর জেরে বহু ভোটার আতঙ্কিত হয়ে ভোটদান থেকে বিরত থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর জওয়ানরা এলাকায় টহল জোরদার করে এবং আতঙ্কিত ভোটারদের আশ্বস্ত করেন। নিরাপত্তার ঘেরাটোপে সাধারণ মানুষকে পুনরায় বুথে নিয়ে যাওয়া হয়, যাতে তাঁরা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং পুনরায় ভোটগ্রহণ চালু থাকে। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নির্বাচন কমিশন গোটা বিষয়টির ওপর নজর রাখছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়