
হুগলি , ২৩ এপ্রিল (হি.স.): নাকা চেকিংকে কেন্দ্র করে হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী তাতারপুর এলাকায় উত্তেজনা ছড়াল। বুধবার গভীর রাতে ঘটনাকে ঘিরে সাংসদ ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডার অভিযোগ সামনে এসেছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই এলাকায় যানবাহন থামিয়ে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগের গাড়ি সেখানে পৌঁছালে কর্তব্যরত পুলিশকর্মীরা তা থামিয়ে তল্লাশি করতে চান।
অভিযোগ, এই তল্লাশিকে ঘিরেই সাংসদ ও পুলিশের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংসদ দাবি করেন, তাঁকে অযথা হেনস্তা করা হয়েছে এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে সমস্ত গাড়ির মতোই সাংসদের গাড়িতেও নিয়ম মেনেই তল্লাশি চালানো হচ্ছিল। এতে কোনওরকম অসদাচরণের প্রশ্ন নেই বলেও দাবি পুলিশের।
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA