বিনপুরে ভোটের আগে বিজেপির তিন পোলিং এজেন্ট গ্রেফতার, রাজনৈতিক উত্তাপ চরমে
ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল (হি.স.): ভোটের ঠিক আগের দিন রাতে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির তিন পোলিং এজেন্টকে গ্রেফতারকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। বিজেপির প্রার্থী প্রণত টুডুর অভিযোগ, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের
বিনপুরে ভোটের আগে বিজেপির তিন পোলিং এজেন্ট গ্রেফতার, রাজনৈতিক উত্তাপ চরমে


ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল (হি.স.): ভোটের ঠিক আগের দিন রাতে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির তিন পোলিং এজেন্টকে গ্রেফতারকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল।

বিজেপির প্রার্থী প্রণত টুডুর অভিযোগ, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের এজেন্টদের তুলে নিয়ে গেছে। তবে পাল্টা তৃণমূলের দাবি, “সমাজবিরোধীদেরই এজেন্ট করেছে বিজেপি, এখন নাটক করছে।”

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজন—বাপি চন্দ, মাধব গিরি ও টোটন গিরি—পৃথক পুরনো মারধরের মামলায় অভিযুক্ত ছিলেন। সেই মামলার ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। বিজেপির ধড়সা শক্তিকেন্দ্রের প্রমুখ সুব্রত সিংহ জানান, ওই মামলাগুলি বহুদিনের পুরনো।

ঘটনার পর বুধবার সন্ধ্যা থেকেই জামবনি থানার সামনে বিক্ষোভে নামেন বিজেপি কর্মীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, থানায় গিয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে এবং পরে থানার ভিতরে ঢুকে বিক্ষোভ দেখানো হয়।

বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা আগেই জামিন পেয়েছিলেন এবং পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যেই কাজ করছে। যদিও জেলা পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য মামলার ভিত্তিতেও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা বলেন, “পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি নাটক করছে। পুলিশ আইন অনুযায়ী কাজ করছে।”

প্রসঙ্গত, ভোটের আগে অকারণে ঢালাও গ্রেফতারি না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। তবে এই ঘটনার জেরে বিনপুরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande