
তেল আবিব / তেহরান, ৩ এপ্রিল (হি.স.): ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইজরায়েলের তেল আবিব ও এইলাত শহরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলায় ইজরায়েলের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়েছে।
আইআরজিসির দাবি, এই হামলায় ইজরায়েলের সেনা এবং সামরিক শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে, ইজরায়েল স্বীকার করেছে যে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলি আটকানোর চেষ্টা চলছে।
এদিকে, ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘সরায়া আওলিয়া আল-দাম’ দাবি করেছে, বিগত ২৪ ঘণ্টায় তারা আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে। একইসঙ্গে ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ নামে পরিচিত ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলির নেটওয়ার্ক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইরাক এবং আশপাশের অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলির ওপর মোট ২৩টি হামলা চালানো হয়েছে।
ইরানের বিদেশ মন্ত্রক দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় ৬০০-র বেশি স্কুল ও শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য