মার্কিন আর্মি চিফকে পদ থেকে সরানো হল
ওয়াশিংটন, ৩ এপ্রিল (হি.স.): ইরানকে ঘিরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁকে অবিলম্বে পদত্যাগ করে অবসর গ্রহণের নির্দেশ দেন।
মার্কিন আর্মি চিফ র্যান্ডি জর্জকে পদ থেকে সরানো হল


ওয়াশিংটন, ৩ এপ্রিল (হি.স.): ইরানকে ঘিরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁকে অবিলম্বে পদত্যাগ করে অবসর গ্রহণের নির্দেশ দেন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, জর্জ ৪১তম আর্মি চিফ অফ স্টাফ পদ থেকে অবিলম্বে অবসর নিচ্ছেন। দীর্ঘ সামরিক পরিষেবার জন্য প্রতিরক্ষা দফতর তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পাশাপাশি আরও দুই সেনা আধিকারিক—জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন—কে তাঁদের পদ থেকে সরানো হয়েছে। হডনে আর্মির ট্রান্সফরমেশন ও ট্রেনিং কমান্ডের দায়িত্বে ছিলেন, আর গ্রিন ছিলেন আর্মির চ্যাপলেন কোরের প্রধান।

জেনারেল জর্জ এর আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন-এর সিনিয়র সামরিক সহকারী হিসেবে কাজ করেন। তিনি একজন পেশাদার ইনফ্যান্ট্রি অফিসার এবং ওয়েস্ট পয়েন্টের স্নাতক। উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে ইরাক ও আফগানিস্তানের সংঘাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এছাড়াও, প্রতিরক্ষা সচিব আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে সরিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সি কিউ ব্রাউন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেটি, এয়ার ফোর্সের ভাইস চিফ জেনারেল জেমস স্লাইফ এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুস।

সাধারণত আর্মি চিফ অফ স্টাফের মেয়াদ চার বছর হয়। জর্জকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদে মনোনীত করেছিলেন এবং ২০২৩ সালে সিনেট তাঁর নিয়োগ অনুমোদন করে। সেই অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা ছিল। বর্তমানে আর্মির ভাইস চিফ জেনারেল ক্রিস্টোফার লানেভ অস্থায়ীভাবে আর্মি চিফের দায়িত্ব পালন করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande