
বান্নু, ৩ এপ্রিল (হি.স.): খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ডোমেল এলাকায় একটি পুলিশ স্টেশনের সামনে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মৃতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন, যার মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আচমকা থানার পিছনে এসে ধাক্কা মারলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলিবর্ষণ শুরু হয়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এই বিস্ফোরণে থানার আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
শুক্রবারও উদ্ধার ও তল্লাশি অভিযান জারি রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা বাড়ানো হয়েছে।
যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হামলা বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তর-পশ্চিম পাকিস্তানের এই অঞ্চল দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের জন্য সংবেদনশীল। সাম্প্রতিক সময়ে এমন হামলা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য