
গ্যাংটক, ৫ এপ্রিল (হি.স.): রবিবার নর্থ সিকিম যাওয়ার রাস্তায় ধস নেমে বিপত্তি। গত কয়েকদিনে সিকিমে বৃষ্টি চলছে। তারই জেরে এই ধস নেমেছে বলে অনুমান। জানা গিয়েছে, এদিন ভোরে লাচেন যাওয়ার পথে তারেম চু খোলার কাছে রাস্তায় ধস নামে। গাড়ি চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন গ্যাংটক, মঙ্গন, সোরেং-সহ সিকিমের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গনের বিভিন্ন জায়গায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বুধবারের পরে গ্যাংটক, মঙ্গনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এরকম পরিস্থিতিতে আগামী কয়েকদিন নর্থ সিকিম-সহ সেই রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত মার্চ মাসেও গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছিল। বেশ কিছু পর্যটক আটকে পড়েন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ