
ধর্মনগর (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা উপনির্বাচন এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে রবিবার ধর্মনগরে পৌঁছান ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকর। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা ও অবাধ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধর্মনগরে এসে সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান ডিজিপি। সেখানে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই, উত্তর জেলার জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
বৈঠকে ডিজিপি অনুরাগ ধনকর আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি আরও সক্রিয় করার উপর জোর দেন তিনি। পাশাপাশি নির্বাচন চলাকালীন যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়।
ডিজিপি জানান, ধর্মনগর উপনির্বাচন ও টিটিএএডিসি ভোটকে সামনে রেখে রাজ্য পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিনগুলিতে প্রতিটি বুথে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এবং নিয়মিত টহলদারি চালানো হবে। সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখতে বিশেষ নজরদারি দলও মোতায়েন করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ