নন্দিতা ছিলেন একজন ব্যর্থ মন্ত্রী, কংগ্ৰেস প্ৰাৰ্থীকে ঠুকেছেন দেবোলাল
মাইবাং (অসম), ৫ এপ্রিল (হি.স.) : রাজ্যের মন্ত্রী হয়েও ডিমা হাসাও জেলার জন্য কোনও কাজ করেননি নন্দিতা গার্লোসা। বিগত চার বছর রাজ্যের মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন, অভিযোগ করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেবোলাল গার্লোসা


মাইবাং (অসম), ৫ এপ্রিল (হি.স.) : রাজ্যের মন্ত্রী হয়েও ডিমা হাসাও জেলার জন্য কোনও কাজ করেননি নন্দিতা গার্লোসা। বিগত চার বছর রাজ্যের মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন, অভিযোগ করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

দেবোলাল গার্লোসা নন্দিতা গার্লোসাকে রাজ্যের সর্বকালের ব্যর্থ মন্ত্রীর তাকমা দিয়ে বলেন, এজন্যই এবার একজন বিদ্যমান মন্ত্রীকে (নন্দিতা) টিকিট দেয়নি বিজেপি। আজ রবিবার মাইবাঙে বিজেপির এক নির্বাচনী জনসভায় অংশগ্ৰহণ করতে এসেছিলেন দেবোলাল।

জনসভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস প্রার্থী নন্দিতা গার্লোসার ওপর হামলা করেছেন দেবোলাল। তিনি বলেন, বিদ্যুৎ দফতরের মন্ত্রী থাকাকালীন ডিমা হাসাও জেলার সেমখর গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নন্দিতা গার্লোসা কোনও সহযোগিতা করেনি। কিন্তু প্রশান্ত ফুকন বিদ্যুৎ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রত্যন্ত সেমখর গ্রামে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে।

দেবোলাল বলেন, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর পদে থেকেও ডিমা হাসাও জেলার ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন নন্দিতা। তিনি বলেন, বিজেপির টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন নন্দিতা। কিন্তু কংগ্রেসে যোগদানের পর কংগ্রেসের অবস্থা আরও খারাপ হয়েছে। বিজেপি নন্দিতাকে রিজেক্ট করার পর কংগ্রেস নন্দিতা গার্লোসাকে যখন দলে নিয়েছে তখন কংগ্রেসের ভালো ভালো নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন।

আজও কংগ্রেসের এক নেতা বিজেপিতে যোগদান করেছেন জানিয়ে তিনি বলেন, হাফলং আসনে বিজেপি-প্রার্থী রূপালি লাংথাসার জয় নিশ্চিত। কারণ বিজেপির প্রত্যেকটি জনসভায় সাধারণ মানুষের ব্যাপক সমর্থন মিলেছে। তাই রূপালি লাংথাসা কুড়ি হাজারের বেশি রেকর্ড ভোটে এবার জয়ী হবেন বলে দাবি করে দেবোলাল বলেন, বিজেপির সঙ্গে কংগ্রেস ও এনপিপি-র কোনও লড়াই নেই। কংগ্রেস এবং এনপিপি-র মধ্যে দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য লড়াই হবে বলে দাবি করেছেন দেবোলাল গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande