
হাইলাকান্দি (অসম), ৫ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে আজ রবিবার থেকে হাইলাকান্দি জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন জেলার বিভিন্ন নির্দিষ্ট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। পুলিশ কর্মী, পোলিং পার্সোনেল, প্রিসাইডিং অফিসার সহ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি কর্মী শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। গোটা প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলার পুলিশ রিজার্ভ, জেলাশাসকের কার্যালয় (ডিসি অফিস) এবং এসএস কলেজ ক্যাম্পাস, এই তিনটি প্রধান কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পৃথক কক্ষে ভোটারদের সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি জেলার বাইরের কর্মীদের জন্যও আলাদা কক্ষ নির্ধারণ করা হয়েছে।
এসএস কলেজে অসমের ৩৪টি জেলার প্রতিনিধিত্বকারী ভোটারদের দুভাগে বিভক্ত করে পৃথক কক্ষে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে এই পোস্টাল ব্যালট ভোটগ্রহণ চলবে। প্রতিদিন সকাল ৯-টা ৩০ মিনিট থেকে বিকেল ৫-টা পর্যন্ত ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস