

- সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে : প্ৰণয় ভাৰ্মা
- ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান
।। রাজীব দে ।।
ঢাকা, ৫ এপ্রিল (হি.স.) : রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় তাঁর দেশ ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজনকান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান সহ গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস