
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সম্ভাব্য জঙ্গি হুমকি মোকাবিলায় প্রস্তুতি যাচাই করতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টি-হাইজ্যাকিং মহড়া চালাল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। এই বার্ষিক মহড়ার নেতৃত্ব দেন ডিআইজি বাবু রাম।
বৃহস্পতিবার সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, এই মহড়ায়এনএসজি, দিল্লি পুলিশ, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), বিসিএএস, ডিজিসিএ, ডিআইএএল, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, বিমানবন্দর অগ্নিনির্বাপক দল, চিকিৎসক দল এবং বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মহড়ায় সিআইএসএফ-এর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়া কুইক রেসপন্স টিম (কিউআরটি), বোমা নিষ্ক্রিয়কারী দল এবং ডগ স্কোয়াড দ্রুত প্রতিক্রিয়ার অনুশীলন করে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং উদ্ধার ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।
এই ধরনের মহড়া নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি, কোনও বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য