
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : স্পর্শহীন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেল ইন্ডিগো এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (বিএইএএল )। আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ )-র সহযোগিতায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন হয়।
এই পরীক্ষায় টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পর্যন্ত পুরো যাত্রাপথে ডিজিটাল পরিচয় ও বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার করা হয়। ফলে যাত্রীদের নথিপত্র হাতে নিয়ে বারবার যাচাইয়ের প্রয়োজন পড়েনি এবং স্পর্শবিহীন পদ্ধতিতেই বিমানবন্দরের বিভিন্ন ধাপ অতিক্রম করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে স্পর্শহীন ভ্রমণ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এটি ভারতের প্রথম উদ্যোগ, যা আইএটিএ-র বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ডিজিটাল পরিচয়ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা সম্ভব। এর আগে চলতি বছরেই ইন্ডিগো ও ডিজিটাল ট্র্যাভেল ফাউন্ডেশন যৌথভাবে স্বয়ংক্রিয় বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে যাত্রী পরিষেবার একটি উন্নত মডেল চালু করেছিল। এবার সেই ব্যবস্থাকেই আন্তর্জাতিক ভ্রমণে সম্প্রসারিত করা হয়েছে।
সংস্থার চিফ ডিজিটাল ও ইনফরমেশন অফিসার নিতিন চোপড়া জানান, এই পরীক্ষামূলক প্রয়োগ দেখিয়ে দিয়েছে যে বায়োমেট্রিক ও ডিজিটাল পরিচয় প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে সম্পূর্ণ স্পর্শহীন বিমানযাত্রা বাস্তবায়ন করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, বেঙ্গালুরুর এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য বিমানবন্দর এবং আন্তর্জাতিক স্তরেও অনুসরণ করা হতে পারে, যা বিমানযাত্রায় নতুন যুগের সূচনা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য