
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রেক্ষিতে দুই দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। এই সফর চলবে ৯ ও ১০ এপ্রিল।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জ্বালানি নিরাপত্তার নিরিখে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রায় ৪০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কাতার থেকে আমদানি করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ।
সূত্রের খবর, পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যে ইরানের হামলায় কাতারের বৃহৎ গ্যাস প্ল্যান্টগুলির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রপ্তানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ প্রভাবিত হয়েছে। এই পরিস্থিতিতে গ্যাস সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী।
এদিকে, দেশে রান্নার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে কেন্দ্র স্পষ্ট করেছে যে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ৭ এপ্রিল একদিনে ৫৩.৫ লক্ষেরও বেশি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। অনলাইন বুকিংও বেড়েছে উল্লেখযোগ্যভাবে এবং ডেলিভারি অথেন্টিকেশন কোড ব্যবহারের হার ৯১ শতাংশে পৌঁছেছে বলে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য