গুরদাসপুরে আইএসআই-সমর্থিত জঙ্গি মডিউলের দুই সদস্য গ্রেফতার, গ্রেনেড-আইইডি উদ্ধার
চণ্ডীগড়, ৯ এপ্রিল (হি.স.) : পঞ্জাবের গুরদাসপুরে আইএসআই-সমর্থিত বাবর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) জঙ্গি মডিউলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পাঁচটি হ্যান্ড গ্রেনেড ও আইইডি-সহ বিপুল বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার পঞ্জাবের
গুরদাসপুরে আইএসআই-সমর্থিত জঙ্গি মডিউলের দুই সদস্য গ্রেফতার, গ্রেনেড-আইইডি উদ্ধার


চণ্ডীগড়, ৯ এপ্রিল (হি.স.) : পঞ্জাবের গুরদাসপুরে আইএসআই-সমর্থিত বাবর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) জঙ্গি মডিউলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে পাঁচটি হ্যান্ড গ্রেনেড ও আইইডি-সহ বিপুল বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার পঞ্জাবের পুলিশ ডিজিপি গৌরব যাদব জানান, ধৃতদের নাম আকাশ মসিহ এবং জাবলাউন। তারা গুরদাসপুর জেলার বাসিন্দা এবং পূর্বে তাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি হ্যান্ড গ্রেনেড, দুটি ডেটোনেটর, কোডার-ডিকোডার যুক্ত পুশ-টু-টক টাইমার, ৯ ভোল্ট ব্যাটারি, প্রায় ১ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ আইইডি তৈরির সরঞ্জাম এবং একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে। এই বিপুল অস্ত্রভাণ্ডার থেকে অনুমান করা হচ্ছে, পঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলার পরিকল্পনা ছিল।

বর্ডার রেঞ্জের ডিআইজি সন্দীপ গোয়াল জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বিদেশি হ্যান্ডলারদের মাধ্যমে এই মডিউলটি পরিচালিত হচ্ছিল। এর সঙ্গে যুক্ত অন্যান্য নেটওয়ার্ক ও ষড়যন্ত্র খতিয়ে দেখা হচ্ছে।

গুরদাসপুরের এসএসপি আদিত্য জানান, জোগোয়াল-বেদিয়া টি-পয়েন্টে নাকা চেকিং চলাকালীন একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবককে সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে তল্লাশি চালালে ব্যাগ থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরক নিষ্ক্রিয় করে।

পুরো ঘটনায় বড় ধরনের নাশকতার ছক ভেস্তে গিয়েছে বলে মনে করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande