দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক, একদিনে ৫১ লক্ষের বেশি সিলিন্ডার বিতরণ
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : পশ্চিম এশিয়ার সঙ্কটের মাঝেও দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানাল কেন্দ্র সরকার। একদিনে ৫১ লক্ষেরও বেশি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচ
দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক, একদিনে ৫১ লক্ষের বেশি সিলিন্ডার বিতরণ


নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : পশ্চিম এশিয়ার সঙ্কটের মাঝেও দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানাল কেন্দ্র সরকার। একদিনে ৫১ লক্ষেরও বেশি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের প্রায় ৬০ শতাংশ এলপিজি চাহিদা আমদানি নির্ভর হওয়ায় কিছুটা প্রভাব পড়লেও গৃহস্থালির চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ১০০ শতাংশ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে কোথাও ঘাটতির অভিযোগ নেই বলেই দাবি কেন্দ্রের।

এছাড়া অনলাইন বুকিং বেড়ে ৯৮ শতাংশ এবং ওটিপি-ভিত্তিক ডেলিভারি ৯২ শতাংশে পৌঁছেছে। বাণিজ্যিক এলপিজি সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে প্রায় ৭০ শতাংশে ফিরে এসেছে বলে জানানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৪ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ টন গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে একদিনেই ৬ হাজার ৭০০ টন গ্যাস বিতরণ হয়েছে, যা প্রায় সাড়ে তিন লক্ষ ১৯ কেজি সিলিন্ডারের সমতুল্য।

এছাড়া ছোট ৫ কেজির সিলিন্ডারের সরবরাহও বাড়ানো হয়েছে। ২৩ মার্চ থেকে এখন পর্যন্ত ১০ লক্ষের বেশি সিলিন্ডার বিক্রি হয়েছে। পাশাপাশি ২ হাজারের বেশি সচেতনতা শিবির আয়োজন করে প্রায় ২০ হাজার সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান, সমুদ্রপথে পরিবহণ স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতীয় জাহাজ বা নাবিকদের সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এলপিজি বহনকারী ভারতীয় জাহাজ ‘গ্রিন আশা’ নিরাপদে জওহরলাল নেহরু বন্দর পৌঁছেছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই ১,৮০০-র বেশি ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং দেশের সব বন্দরেই স্বাভাবিক কাজকর্ম চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande