
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): কেরলম, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেরলে মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে ক্ষমতাসীন বামজোট এলডিএফের। সেখানে গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিপিএম নেতা পিনারাই বিজয়ন। অসমে ক্ষমতাসীন বিজেপি-অসম গণ পরিষদ জোটের মোকাবিলায় এ বার কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), প্রাক্তন আসু (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন) নেতাদের দল ‘অসম জাতীয় পরিষদ’, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডার্স কনফারেন্স’ এবং সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের রাইজর দল শামিল হয়েছে। তৃণমূল সেখানে আলাদা ভাবে লড়ছে ২৩ আসনে। অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট। মুখ্যমন্ত্রী এনআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা-প্রধান এন রঙ্গস্বামী। তাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-ডিএমকে জোট।
অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলমে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। কেরলমে ৮৯০, অসমে ৭২২ এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে। তিন বিধানসভাতেই এক দফায় ভোটগ্রহণ হচ্ছে। ফল ঘোষণা ৪ মে। সকাল সকাল কন্নুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। পুদুচেরির একটি সরকারি স্কুলে ভোট দেন কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী। কেরলের তিরুঅনন্তপুরমে ভোট দেন অভিনেতা মোহনলাল।
কেরলমে নজরকাড়া প্রার্থী
কেরলমে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা, প্রাক্তন মন্ত্রী রমেশ চেন্নিথালা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
অসমে নজরকাড়া প্রার্থী
অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, লোকসভায় কংগ্রেসের সহকারী নেতা গৌরব গগৈ, সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈ।
পুদুচেরিতে নজরকাড়া প্রার্থী
পুদুচেরিতে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচাভাড়ি এবং মঙ্গলম আসনে প্রার্থী। থাট্টানচাভাড়িতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ভি বৈথিলিঙ্গম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ