
হাওড়া, ১ মে (হি স): শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। এদিন ভোররাত ৩টে নাগাদ হাওড়ার ঘুসুড়ি জে. এন. মুখার্জি রোডে অবস্থিত হনুমান জুট মিল চত্বরে এক বিধ্বংসী আগুনের খবর পাওয়া যায়। মিলের ভেতরে থাকা ২৫ নম্বর গুদামটিতে প্রথমে এই আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। গুদামটি মূলত রাখির গুদাম হিসেবে ব্যবহৃত হতো।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, জলের জোগান বজায় রাখতে কাছে থাকা গঙ্গা নদী থেকে মোটর পাম্পের সাহায্যে জল তুলে নেভানোর কাজ শুরু করা হয়। আগুনে পুরো গুদামটি ভস্মীভূত হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গুদাম কর্তৃপক্ষ। বর্তমানে দমকল কর্মীদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ধিকিধিকি জ্বলতে থাকা আগুন নেভানোর কাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত