
দেহরাদূন, ১ মে (হি.স.) : কেদারনাথ ধাম যাত্রায় এ বছরও ভক্তদের ঢল নজির গড়ছে। বিপুল সংখ্যক তীর্থযাত্রীর আগমনে গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে ভক্তি ও উৎসাহের অনন্য আবহ। ভিড় সত্ত্বেও প্রশাসনের তরফে সুসংগঠিত ব্যবস্থাপনার ফলে যাত্রীদের কোনও বড় ধরনের অসুবিধার মুখে পড়তে হচ্ছে না বলে শুক্রবার জানা গিয়েছে।
ভক্তদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় রুদ্রপ্রয়াগ জেলার জেলাশাসক বিশাল মিশ্র নিজেই পরিস্থিতির তদারকি করছেন। যাত্রাপথ থেকে শুরু করে কেদারনাথ ধাম পর্যন্ত প্রতিটি স্তরে প্রশাসনের তরফে কড়া নজরদারি করা হয়েছে। বিশেষ করে পদযাত্রার যে পথ সেখানে বিশ্রামকেন্দ্র, খাবার, পানীয় জল, চিকিৎসা পরিষেবা এবং নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কেদারনাথ ধাম সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, আবাসন এবং জরুরি পরিষেবাগুলিকেও অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দফতর এবং দুর্যোগ মোকাবিলা দল যৌথভাবে কাজ করে যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সচেষ্ট। ফলে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকে আসা ভক্তরাও এই ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।
গাজিয়াবাদ থেকে আগত ভক্ত অনিল কৌশিক জানিয়েছেন, প্রশাসনের এই ব্যবস্থাপনা অত্যন্ত উন্নতমানের। তিনি বলেন, “বাবা কেদারনাথের দর্শন খুব সহজেই করতে পেরেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে এবং প্রশাসনের কর্মীরা সবসময় সাহায্যের জন্য প্রস্তুত।”
অন্যদিকে বেঙ্গালুরু থেকে আসা নবীন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এত ভালো ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। একইভাবে মহারাষ্ট্রের নাগপুর থেকে আসা রাজেন্দ্র জানান, এত উচ্চতায় এই ধরনের পরিষেবা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হলেও প্রশাসন তা দক্ষতার সঙ্গে সামলেছে। বিশেষ করে পরিচ্ছন্নতা ও পুলিশের তৎপরতা উল্লেখযোগ্য বলে তিনি মন্তব্য করেন। দিল্লি থেকে প্রথমবার কেদারনাথ দর্শনে আসা এক ভক্ত বলেন, “এখানে এসে অত্যন্ত আনন্দিত। প্রত্যাশার চেয়েও ভালো ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।”
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য