
নয়াদিল্লি, ১ মে (হি.স.) : দেশের টোল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। গুজরাটে দেশের প্রথম মাল্টি-লেন ফ্রি ফ্লো (এমএলএফএফ) ব্যারিয়ার-মুক্ত টোল ব্যবস্থা চালুর ঘোষণা করেছেন তিনি। সুরাট-ভরুচ অংশে (জাতীয় সড়ক-৪৮) চোরিয়াসি টোল প্লাজায় এই অত্যাধুনিক প্রযুক্তি চালু করা হয়েছে, যার ফলে টোল দেওয়ার জন্য আর যানবাহনকে থামতে হবে না।
শুক্রবার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থা অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন (এএনপিআর) এবং ফাস্ট্যাগ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে টোল আদায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরবচ্ছিন্নভাবে সম্ভব হবে। ফলে টোল প্লাজায় দীর্ঘ যানজটের সমস্যা অনেকটাই কমবে এবং যান চলাচল হবে আরও দ্রুত ও স্বচ্ছন্দ।
নীতিন গড়করি জানান, এই উদ্যোগ দেশের টোল ব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং জাতীয় সড়ক পরিকাঠামোর আধুনিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে যাত্রার সময় কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং যানবাহন থেকে নির্গত দূষণও কমবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বমানের প্রযুক্তিনির্ভর সড়ক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও নিরাপদ করে তুলবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য