(আপডেট ) সিবিএসই দ্বাদশের রেজাল্টে মেয়েদের জয়জয়কার, পাশ ৮৫ শতাংশের বেশি
নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বুধবার দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে। চলতি বছরে মোট ৮৫.২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩.১৯ শতাংশ কম। এ বারও ফলাফলে ছেলেদের তুলনায় ভালো ফল
(আপডেট ) সিবিএসই দ্বাদশের রেজাল্টে মেয়েদের জয়জয়কার, পাশ ৮৫ শতাংশের বেশি


নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বুধবার দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে। চলতি বছরে মোট ৮৫.২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা গত বছরের তুলনায় ৩.১৯ শতাংশ কম। এ বারও ফলাফলে ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা। বোর্ড সূত্রে জানা গিয়েছে, এ বছর মোট ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল। এর মধ্যে ১৭ লক্ষ ৬৮ হাজার ৮১৮ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৭ হাজার ১০৯ জন। ২০২৫ সালে পাশের হার ছিল ৮৮.৩৯ শতাংশ, যা এ বছর কমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে।

সিবিএসই-র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মেয়েদের পাশের হার ৮৮.৮৬ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাশের হার ৮২.১৩ শতাংশ। অর্থাৎ মেয়েরা ছেলেদের তুলনায় ৬.৭৩ শতাংশ ভালো ফল করেছে।

অঞ্চলভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে তিরুবনন্তপুরম অঞ্চল, যেখানে পাশের হার ৯৫.৬২ শতাংশ। এরপর রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু ও বিজয়ওয়াড়া অঞ্চল। দিল্লি পশ্চিম অঞ্চলে পাশের হার ৯২.৩৪ শতাংশ এবং দিল্লি পূর্ব অঞ্চলে ৯১.৭৩ শতাংশ। সামগ্রিকভাবে দিল্লি অঞ্চলের পাশের হার ৯১.৯৭ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে প্রয়াগরাজে, ৭২.৪৩ শতাংশ। বিদেশে অবস্থিত সিবিএসই স্কুলগুলির পাশের হার ৯০.৫০ শতাংশ। এছাড়া বিশেষভাবে সক্ষম (সিডব্লিউএসএন) পরীক্ষার্থীদের পাশের হার ৯০.১৬ শতাংশ।

বোর্ড জানিয়েছে, এ বছর ১,৬৩,৮০০ জন পরীক্ষার্থীকে কম্পার্টমেন্ট বিভাগে রাখা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৯.২৬ শতাংশ। এছাড়া ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৯৪,০২৮ জন পরীক্ষার্থী। ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৭,১১৩ জন।

স্কুলভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো ফল করেছে কেন্দ্রীয় বিদ্যালয় (কেভি), যেখানে পাশের হার ৯৮.৫৫ শতাংশ। জওহর নবোদয় বিদ্যালয়ের (জেএনভি) পাশের হার ৯৮.৪৭ শতাংশ। সরকারি স্কুলগুলির পাশের হার ৮৯.৫৫ শতাংশ, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ৮৬.০৭ শতাংশ, একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের (ইএমআরএস) ৮৫.৫৫ শতাংশ এবং বেসরকারি স্কুলগুলির পাশের হার ৮৪.২২ শতাংশ।

সিবিএসই জানিয়েছে, পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট ও অন্যান্য নথি ডিজিলকারের মাধ্যমে পাওয়া যাবে। বোর্ডের সরকারি ওয়েবসাইট ও ডিজিলকার প্ল্যাটফর্মে ফল দেখা যাবে।

উল্লেখ্য, সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলতি বছরে ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষের এক মাস তিন দিনের মাথায় ঘোষণা করা হল পরীক্ষার ফলাফল। বিগত দু'বছরের মতোই এ বারও ১৩ মে ঘোষণা করা হল পরীক্ষার ফল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande